শিরোনাম

‘অ্যাভেঞ্জার্স’–‘অবতার’কে ছাড়িয়ে বক্স অফিসের নতুন রাজা "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে"

‘অ্যাভেঞ্জার্স’–‘অবতার’কে ছাড়িয়ে বক্স অফিসের নতুন রাজা "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে"

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। উদ্বোধনী দিনে কর বাদে প্রায় ৭৮ কোটি ৩৭ লাখ টাকা (৬০.৬০ কোটি ভারতীয় রুপি) আয় করে সিনেমাটি হলিউড ছবির মধ্যে ভারতের সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড গড়েছে। একই সঙ্গে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর উদ্বোধনী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই কর বাদে ৬০.৬০ কোটি রুপি আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৮ কোটি ৩৭ লাখ টাকা

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথম দিনে কর বাদে ৫৩.৬০ কোটি রুপি (প্রায় ৬৯ কোটি ২৯ লাখ টাকা) এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ ৪০.৩০ কোটি রুপি (প্রায় ৫২ কোটি ১০ লাখ টাকা) আয় করেছিল। নতুন স্পাইডারম্যান চলচ্চিত্র সেই দুটি রেকর্ডই অতিক্রম করেছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর উদ্বোধনী দিনের ৬৭ কোটি রুপি গ্রস আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই অঙ্ক প্রায় ৮৬ কোটি ৬২ লাখ টাকা

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে ছবিটি মুক্তি দেওয়া হয়। মুক্তির প্রথম দিনে কোনো ব্লক বুকিং বা প্রিভিউ শো ছাড়াই এ সাফল্য অর্জন করেছে সিনেমাটি।

ভারতের বক্স অফিসে অনেক সময় ব্লক বুকিং বা অগ্রিম বিপুলসংখ্যক টিকিট কেনার মাধ্যমে প্রথম দিনের আয় বাড়িয়ে দেখানোর অভিযোগ ওঠে। আবার প্রিভিউ শোতেও তুলনামূলক বেশি দামে টিকিট বিক্রি হয়ে থাকে। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা রাখা হয়নি বলে জানিয়েছে বক্স অফিস সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের ধারণা, সামনে উল্লেখযোগ্য কোনো বড় প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকায় চার দিনের সপ্তাহান্তে ছবিটির আয় ১৫০ থেকে ২০০ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৪ কোটি থেকে ২৫৯ কোটি টাকার মধ্যে পৌঁছাতে পারে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হলো ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর পরবর্তী কিস্তি। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ৩৮তম চলচ্চিত্র।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর