মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দুই সাবেক ম্যানেজারসহ পাঁচ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) গ্রাহকদের লিখিত অভিযোগের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান এবং মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার সাময়িক বরখাস্ত হওয়া অফিসার (ক্যাশ) মো. জিন্নাহ হোসেন, সাবেক ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মো. শরীফ উদ্দীন, নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ এবং সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তাকর্মী আব্দুল হাই।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. শরিফুজ্জামানকে এরই মধ্যে দুদকের অনুসন্ধানের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী সময়ে অর্থ আত্মসাতের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা এবং দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধান ও শ্রীনগর থানা পুলিশের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।