মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী নদীতে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ দুজন হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মারুফ ও রাসেল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।