শিরোনাম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

নীলফামারীর ডালিয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত জানানো হয়।

মতবিনিময়কালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিস্তা অববাহিকার আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং নদীনির্ভর জনপদের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর