বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং কার্যালয়টির নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, নলধা-মৌভোগ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোতালেব হোসেন, উপজেলা জামায়াত নেতা আব্দুস সামাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নিজস্ব কার্যালয় নির্মিত হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। পাশাপাশি কার্যালয়টি এলাকার সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তারা কার্যালয়টির নির্মাণকাজ দ্রুত শুরু ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।