শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার পাঁচটি উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে তাঁরা দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি সূত্র জানায়, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
নীলডুমুর ব্যাটালিয়ন দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ২৯টি পূজামণ্ডপ। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও নয়টি পূজামণ্ডপ। এসব এলাকায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিজিবি জানায়, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থাকবেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।