শিরোনাম

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের ইন্তেকাল

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের ইন্তেকাল

সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীণ ব্যক্তিত্ব, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার পর ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জি এম নূর ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সাংবাদিক।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় পাঁচ বছর আগে তিনি তাঁর সহধর্মিণীকে হারান।

দৈনিক দৃষ্টিপাতের মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন জানান, আগামী শুক্রবার জুমার নামাজ শেষে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা মাঠে জি এম নূর ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

নব্বইয়ের দশকে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হয় জি এম নূর ইসলামের। পরবর্তীতে ২০০১ সালে তিনি দৈনিক দৃষ্টিপাত প্রকাশ করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি সাতক্ষীরার ব্যবসায়ী ও নাগরিক অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন জি এম নূর ইসলাম। তিনি জাতীয় পত্রপত্রিকার অন্যতম পরিবেশক ও শীর্ষস্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় তাঁর মালিকানাধীন ইসলাম ট্রেডার্স দীর্ঘদিন ধরে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এ ছাড়া তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি এবং স্থানীয় মসজিদে কুবার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই সাংবাদিক ও সম্পাদককে হারিয়ে স্থানীয় সংবাদমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর