শিরোনাম

দিনব্যাপী সফরে দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সফরে দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্টের আশপাশের এলাকা পর্যবেক্ষণের পর দাকোপে অবতরণ করেন তিনি।

নলিয়ান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে ওয়ার্ডরুমে যাওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে সেটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার এবং বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। সফরসংশ্লিষ্ট এলাকায় পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

প্রশাসন-সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরটি সরকারি কর্মসূচি হওয়ায় নির্ধারিত সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসূচিস্থলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সীমিত রাখার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর