নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর তালতলি সাব-জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ ফজলুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুবরণ করেছেন। শনিবার (৩০ মে) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সহকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ফজলুল হক এবং তার চোখের সমস্যার বিষয়টিও কর্তৃপক্ষ অবগত ছিল। ঈদ উপলক্ষে ছুটিতে নিজ বাড়িতে অবস্থানকালে তাকে জরুরি ভিত্তিতে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দ্রুত কর্মস্থলে উপস্থিত না হলে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার হুমকিও দেওয়া হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, অসুস্থ শারীরিক অবস্থার মধ্যেই তিনি কর্মস্থলে যোগদান করেন। পরে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোকে আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরবর্তীতে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার পর সহকর্মী ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দাবি করছেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, মানসিক হয়রানি এবং অমানবিক আচরণের কারণে কর্মচারীরা চরম মানসিক সংকটে পড়ছেন। তারা ফজলুল হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ফজলুল হকের মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।