শিরোনাম

রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বৈজ্ঞানিক সেমিনার

রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বৈজ্ঞানিক সেমিনার

বিশ্বে প্রতি পাঁচজন স্ট্রোক রোগীর মধ্যে চারজনই উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ ও কার্ডিয়াক সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রবিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, স্ট্রোক আক্রান্ত রোগীদের বড় একটি অংশ মৃত্যুবরণ করে, অনেকে চিকিৎসায় সুস্থ হলেও উল্লেখযোগ্য অংশ দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভোগেন।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, কিডনি রোগ, চোখের সমস্যা ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে। এতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে স্বাস্থ্যখাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে এবং সরকারি ব্যয়ও বাড়বে।

সেমিনারে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবীন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন। উচ্চ রক্তচাপের ধরণ, ঝুঁকি ও চিকিৎসা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. কাজী মুশফিকা হক।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত এ সেমিনার শেষে জনসচেতনতামূলক একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর