বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলার ৫৬টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় হাইপারটেনশন স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বাড়ানো, চিকিৎসা প্রোটোকল অনুসরণ ও জীবনধারা পরিবর্তনে কাউন্সেলিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।