শিরোনাম

ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেফতার

ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম, ডিআইও-১ মো. মোশারফ হোসেন, কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান এবং তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ বিশ্বাস।

পুলিশ জানায়, গত ১৪ মে কোতোয়ালি থানাধীন চর মাধবদী ইউনিয়নের কালিতলা এলাকায় একটি পুকুরপাড় থেকে জাহানারা বেগম (৩০) ও তার পাঁচ বছরের মেয়ে সামিয়ার মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জাহানারা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় নিহতের স্বজন মো. লালন মোল্লা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের বকারটিলা এলাকা থেকে মো. উজ্জ্বল খান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে উজ্জ্বল হত্যার দায় স্বীকার করেছে বলে জানানো হয়। তদন্তে জানা যায়, ঢাকার আমিনবাজারে একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারার সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি জাহানারাকে ফরিদপুরে নিয়ে আসেন।

গত ৪ মার্চ রাতে কালিতলা এলাকার একটি নির্জন ছাপড়া ঘরে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার শিশুকন্যা সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়। এরপর মরদেহ দুটি গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয় বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, কোদাল, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর