সাতক্ষীরা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি জানান, জেলায় মোট ৪৩টি ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করা হচ্ছে।
রোববার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৬টি স্টল থাকবে, যেখানে নাগরিকরা সরাসরি ভূমিসেবা ও অভিযোগ নিষ্পত্তির সুবিধা পাবেন।
তিনি আরও জানান, মেলার দ্বিতীয় দিনে সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ গণমাধ্যমকর্মীরা।