নীলফামারীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার নীলফামারী–দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাবিয়া আক্তার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।