দক্ষিণ লেবানন সীমান্তে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক অভিযানে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে চলমান লেবানন সংঘাতে ইসরায়েলি বাহিনীর নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত কর্মকর্তা ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় তারা ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহিনীর ওপর একাধিক হামলা পরিচালনা করেছে। পাল্টা অভিযানে ইসরায়েলি বাহিনী সুর, বিনতে জবেইল ও নাবাতিয়েহ অঞ্চলে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। একই সময়ে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, পূর্ণ সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ ছাড়া কোনো সমঝোতায় তারা সম্মত হবে না।