তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের নারী সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।
শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের সময় বরিশাল-১ আসনের ভোটারদের কাছে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার পাইলট প্রকল্প আকারে কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, নির্বাচনের সময় এ ধরনের প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রুপ করলেও সরকার ধাপে ধাপে তা বাস্তবায়ন করছে। বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদেরও সম্মানি ভাতার আওতায় এনে কার্ড প্রদান করা হবে বলে জানান তিনি।
গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।