সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগরি গ্রামে পানিতে ডুবে জান্নাতুন (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. সাদিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আকবর আলীর পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমেছিল জান্নাতুন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিল জানান, প্রায় এক ঘণ্টা পর জান্নাতুনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রাম পুলিশ সদস্য মো. আলামিন বলেন, নিহতের বাবা দীর্ঘদিন বিজিবিতে চাকরি করার পর প্রায় ছয় মাস আগে পরিবার নিয়ে নিজ গ্রামে বসবাস শুরু করেন। সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।