নীলফামারীর ডোমারে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার থ্রি হুইলার চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার বিকাশ চন্দ্র রায় (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলার চালক মমিনুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।