বনানীর একটি বাসা থেকে রাতভর নাটকীয়তার পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রম আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাজেদুল ইসলাম শুভ্র বনানীর একটি ভবনে আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকাল রাত প্রায় ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ভবনটিতে প্রবেশের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সফল হয়নি। এরপর পুলিশ সদস্যরা ভোর পর্যন্ত ভবনের সামনে অবস্থান নেন। এ সময় কয়েকটি গণমাধ্যমের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সূত্রের দাবি, রাতভর তিনি ভবন থেকে বের না হয়ে বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষী দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরে ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হচ্ছে।