নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর-কিশোরীদের পুষ্টিবিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) Nutrition International-এর সহযোগিতায় এবং নীলফামারী মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
‘Upazila-Level Orientation on Adolescent Nutrition for Head Teachers’ শীর্ষক এ ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৈশোরকাল মানুষের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এ সময়ে যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মনোযোগ ও শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ওরিয়েন্টেশনে অংশ নেওয়া প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে অংশ নেন।