শিরোনাম

ছাত্রদলের পদ পেতে এসএসসি পাস ও অবিবাহিত হওয়ার শর্ত দিলেন আজিজ আজমির

ছাত্রদলের পদ পেতে এসএসসি পাস ও অবিবাহিত হওয়ার শর্ত দিলেন আজিজ আজমির

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে সংগঠনের নেতৃত্ব নির্বাচন ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা তুলে ধরেছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ এ সময় দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শের প্রতি আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আজিজ আজমির বলেন, দলের হাইকমান্ড নোয়াখালী-৫ আসনে মো. ফখরুল ইসলামকে কর্ণধার ঘোষণা করার পর যারা ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, তাঁদের ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

নেতৃত্ব নির্বাচনের শর্ত তুলে ধরে তিনি বলেন, যাঁদের ন্যূনতম এসএসসি পাসের সনদ নেই, তাঁরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারবেন না। বিবাহিত ছাত্রনেতাদেরও ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না। এ ছাড়া গত আগস্টের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ছাত্রদলে যোগ দেওয়া নেতাকর্মীরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আসতে পারবেন না। দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বিরোধিতাকারীদেরও গুরুত্বপূর্ণ পদে বিবেচনা করা হবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতৃত্বে যোগ্য, ত্যাগী, আদর্শবান ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

গত জাতীয় নির্বাচনে চরফকিরা ইউনিয়নে বিএনপির পরাজয় থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ওয়ার্ডে এবং ঘরে ঘরে ছাত্রদলের কর্মী তৈরি করার আহ্বান জানান আজিজ আজমির। আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলে কোনো বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজিজ আজমিরের এ বক্তব্যের পর চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন ও পদপ্রত্যাশীদের যোগ্যতার শর্ত নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর