শিরোনাম
চুক্তি সই

১৫ বছর এনসিটি পরিচালনা করবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড

১৫ বছর এনসিটি পরিচালনা করবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিপত্রে সই করেন।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের সময়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোয় শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রক্রিয়াটি দর-কষাকষির পর্যায়ে পৌঁছালেও শ্রমিক আন্দোলন ও আলোচনা কমিটির সদস্যদের আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে তা স্থগিত হয়ে যায়।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা শুরু হয়। গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় এবার চুক্তি সই হলো।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনাল দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটিই টার্মিনালটির পরিচালনার দায়িত্বে থাকবে।

চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি প্রধান টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটররা পরিচালনা করছে। আর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর