টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, কান্দাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।