শিরোনাম

নজরুল বর্ষে রামপালে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষে রামপালে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাহিত্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলচর্চা তরুণদের মানসিক বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, আরডিও সবুজ বৈরাগী, এআরডিও মো. হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, প্রধান শিক্ষক মো. মহসীন হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই উপজেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর