শিরোনাম

ফেনীসহ সারা দেশে ‘এক লক্ষ্যে এক লাখ’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

ফেনীসহ সারা দেশে ‘এক লক্ষ্যে এক লাখ’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যে ফেনীসহ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ক্লেমন ও লাল সবুজ সোসাইটি।

কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার ছয়টি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ করা হয়। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে এসব গাছ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, সারাদেশের কর্মসূচিতে লাল সবুজ সোসাইটি ২৫টি জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে সরাসরি দায়িত্ব পালন করে। এতে সংগঠনটির প্রায় ১ হাজার ৪০০ স্বেচ্ছাসেবক অংশ নেন। তাদের মাধ্যমে এসব জেলায় মোট ৪৫ হাজার গাছ রোপণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ, খোলা জায়গাসহ উপযুক্ত স্থানে স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোপণ করা গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৫০০টি স্কুলের ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে টানা দুই বছর ক্লেমন শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আয়োজকরা বলেন, বৃক্ষরোপণ শুধু এক দিনের কর্মসূচি নয়; এটি পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের অংশ। একটি গাছ লাগানোর পাশাপাশি সেটি বাঁচিয়ে রাখার দায়িত্বও নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষ পরিচর্যার সঙ্গে শিক্ষাবৃত্তিকে যুক্ত করা হয়েছে।

ক্লেমন ও লাল সবুজ সোসাইটির যৌথ এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়; বরং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করা এবং সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক অংশগ্রহণ বাড়ানো।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর