চলমান শ্রমিক আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাও সংঘটিত ঘটনাগুলো শ্রমিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি নাকি সহিংসতা—তা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে।
তিনি বলেন, পোশাকশ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হয়। নাম পাওয়ার পরদিনই বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি রয়েছেন। বোর্ডের চেয়ারম্যান উভয় পক্ষের বক্তব্য শুনবেন। অতীতের মজুরি বৃদ্ধির হার, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। সরকারের লক্ষ্য রপ্তানি বৃদ্ধি, অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কর্মসংস্থান বাড়ানো।
চলমান সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু ব্যক্তি শ্রমিক আন্দোলনের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
তিনি আরও দাবি করেন, অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন—এমন কিছু শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয় সামনে এসেছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ক্ষেত্রে ‘মাফিয়া শক্তি’, প্রতিদ্বন্দ্বী শক্তি এবং পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যায্য দাবি নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকার বৈঠক করেছে। তাঁর ভাষ্য, বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরাও স্বীকার করেছেন, বর্তমান সহিংসতা শ্রমিকদের আন্দোলন নয়; কেউ কেউ শ্রমিকদের ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন।
পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাহিনীর অনেক সদস্য হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরও শ্রমিকদের প্রতি যথাসম্ভব সংযম দেখানো হচ্ছে।
শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদন সচল রাখা জরুরি। মজুরি বোর্ড গঠন করে কাজ শুরু করেছে। তাই এখন আন্দোলনের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ডকে নতুন মজুরি ঘোষণা করতে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। এর আগেই ঘোষণা করা সম্ভব হলে তা ভালো হবে।
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়েছেন কি না, তা তাঁর জানা নেই। আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।