ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পুতুল রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পরিবার। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত সুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুতুল ওই গ্রামের দীপেনের ছেলে। সে জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বিদ্যালয়ে চলমান নির্বাচনী পরীক্ষার ফল নিয়ে পুতুল কিছুদিন ধরে মন খারাপ করত। পড়াশোনার চাপ ও পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার বিষয়টি নিয়ে সে হতাশ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এসবের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।