শিরোনাম

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারী পথচারী ফিরোজা বেগম (৬০) মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম ও নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি ছিল।

গোপীনাথপুর এলাকায় পৌঁছালে মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হন।

দুর্ঘটনার পর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর