শিরোনাম

মহাসমাবেশে যোগ দিতে গিয়ে মারা গেলেন রংপুরের গ্রাম পুলিশ সদস্য

মহাসমাবেশে যোগ দিতে গিয়ে মারা গেলেন রংপুরের গ্রাম পুলিশ সদস্য

প্রধানমন্ত্রীর আহ্বানে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮)।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্য ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে ছিলেন দফাদার জামশেদ আলী।

শনিবার সকালে তাঁরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন। এ সময় প্রবেশপথের কাছে জামশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমানবাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামশেদ আলীর মরদেহ ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর