সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হুজাইফা সদর উপজেলার ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় পশু হাসপাতালসংলগ্ন রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় কয়েকজনের সঙ্গে দোকানদার রবিউলের অসৌজন্যমূলক আচরণ নিয়ে বিরোধ দেখা দিলে তাঁর প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান প্রতিবাদ করেন। এর জেরে তাঁকে মারধর ও ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
এ সময় বাপ্পীকে রক্ষা করতে তাঁর ছোট ভাই কলেজছাত্র জাকারিয়া খান (১৯) এগিয়ে গেলে তাঁকে ধারালো চাকু দিয়ে বাম বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাকারিয়ার বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হুজাইফাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।