শিরোনাম

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করেছে জেলা ছাত্রদল।

শনিবার (২৯ আগস্ট) সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর