এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তা করছে সরকার। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয়ভাবে অনেক কলেজ গড়ে উঠেছে। সেগুলো রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সরকারের ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবারও বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। তবে এ কারণে শিক্ষকদের চাকরি যাবে না বলে তিনি নিশ্চিত করেন।