শিরোনাম

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে: ট্রাম্প

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে শিগগিরই জানা যাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আরও সামনে এগোব, নাকি বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করব? চূড়ান্ত নিষ্পত্তি বলতে আমি বোঝাচ্ছি, এমন পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়।’

ইরানের বাকি অংশ ধ্বংস করার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে। আর আপনারা এ বিষয়ে খুব শিগগির জানতে পারবেন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানকে পুনর্গঠিত হতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে বলে মনে করেন ট্রাম্প।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে—এমন খবরের বিষয়ে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর