শিরোনাম

নতুন মজুরি কাঠামো নির্ধারণে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট

নতুন মজুরি কাঠামো নির্ধারণে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

গেজেট অনুযায়ী, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর