শিরোনাম

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ স্কুলছাত্র নিহত

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ স্কুলছাত্র নিহত

নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের দিঘিরপাড় কোল্ড স্টোরেজসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পলাশ চন্দ্র রায় (২২) ও তাঁর স্ত্রী মনি রানী (১৯) ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের বাড়ি পাশের ডোমার উপজেলায়।

দুর্ঘটনায় জড়িত মাহিন্দ্রা পিকআপটির নম্বর রংপুর মেট্রো-ড-১১-০০৯০। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, একই দিন বিকেলে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় হুমাউন কবির (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহত হুমাউন গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রনচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফটোকপি করার জন্য বাইসাইকেলে করে ধরেয়া বাজারের দিকে যাচ্ছিল হুমাউন। পথে জলঢাকা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়।

ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর