পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থানের সময় দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় মাগুরমারী বিওপির টহল দল তাদের আটক করে। পরে সন্ধ্যায় তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটকরা কক্সবাজারের কুতুপালং ও জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার থেকে তাদের পঞ্চগড়ে নিয়ে আসা হয়। বিজিবির ধারণা, মানব পাচারকারীরা তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর পরিকল্পনা করেছিল।
পঞ্চগড় সদর থানার ওসি মোকলেসুর রহমান জানান, বিজিবি চারজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।