ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২২ বছর।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, দুপুরের দিকে ভবনের নিচতলার মেঝেতে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকেরা ওই যুবককে মৃত ঘোষণা করেছেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।