বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। গত আট মাসে এ খাতে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার।
এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মন্ত্রীর মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা সম্ভব হবে।