নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলার জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ভেন্যুর বাইরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপের অভিযোগ ওঠে। অনুষ্ঠান শেষে অতিথিরা বের হওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম হামলার নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এ ধরনের ঘটনা প্রবাসীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।
ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিদেশের মাটিতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।