শিরোনাম

পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র, প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ

পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র, প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ

ফরিদপুর প্রতিনিধি: পরীক্ষার উত্তরপত্রে পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে বউ দেওয়ার আবেদন করেছেন এক কলেজছাত্র। একই উত্তরপত্রে প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজে। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দ্বাদশ শ্রেণির এইচএসসি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন ইসলামের ইতিহাস বিষয়ে পরীক্ষায় অংশ নেন ফয়সাল আলী নামের এক শিক্ষার্থী। উত্তরপত্র মূল্যায়নের সময় তাঁর লেখা দেখে বিস্মিত হন সংশ্লিষ্ট শিক্ষক।

উত্তরপত্রে পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর না লিখে ফয়সাল লেখেন, ‘এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর, তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? বাংলার যুবক আজ একটা বউ চায়। সরকারকে বলতে চাই, তাদের অন্তত একটা করে হলেও বউ দেওয়া উচিত।’

এ ছাড়া একই উত্তরপত্রে প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ওই মন্তব্যের সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি।

জানা গেছে, গত ১০ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় এখনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফয়সাল ও তাঁর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেওয়া হয়নি। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আগে বিষয়টি জানানো হয়নি। গণমাধ্যমের মাধ্যমে জানার পর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার উত্তরপত্রে এমন অপ্রাসঙ্গিক লেখা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ঘটনায় শিক্ষার্থীদের আচরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর