চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমাতে ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক হারুনুর রশীদ ও ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচির যথাযথ বাস্তবায়নে প্রধান শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। সভায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।