শিরোনাম

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, অভিযুক্ত কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, অভিযুক্ত কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে দরজা বন্ধ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহমুদুল সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার  চিকিৎসা নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই গৃহবধূ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য তিনি প্যাথলজি বিভাগে যান। তবে বেলা ১২টার পর সেখানে গেলে পরীক্ষা করা সম্ভব নয় বলে তাকে জানানো হয় । 

এ সময় প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহের কথা বলে ওই নারীকে প্যাথলজি বিভাগের একটি কক্ষে নিয়ে যান তিনি। একপর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

ঘটনার পর বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান ভুক্তভোগী নারী। পরে মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তিনি।

 

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. জয়েন্তু কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে মধ্যে এমন অনৈতিক ঘটনা দুঃখজনক। পুলিশ বিষয়টি নিয়ে আইনী পদক্ষেপ নিয়েছেন। এবিষয়ে হাসপাতালের অন্যান্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর