নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা। ৯৪টি লটের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই মুদ্রণের মোট চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা ছাপানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ভেরিয়েশন প্রস্তাব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে। এ জন্য মূল চুক্তিমূল্যের সঙ্গে অতিরিক্ত অর্থ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।
হিসাব অনুযায়ী, মূল চুক্তিমূল্যের তুলনায় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। অর্থাৎ বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক ছাপাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।
এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
তবে অতিরিক্ত ফর্মা যুক্তন হওয়ার কারণ, কোন কোন বইয়ে কত পৃষ্ঠা বা ফর্মা বেড়েছে এবং এর ফলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে কী পরিবর্তন আসছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রস্তাবের প্রকাশিত বিবরণে উল্লেখ করা হয়নি।