শিরোনাম

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে পৌরসভার আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজনন উপযোগী স্থান পরিষ্কার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেসিলি ঘোষ মুনমুন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, পৌর নির্বাহী শ্যামল কুমার দত্ত, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া, পৌর হিসাবরক্ষক দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর