শিরোনাম

খোলপেটুয়া নদীতে অভিযান, ৪ বোট ও ৭ বালুর স্তূপ জব্দ, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

খোলপেটুয়া নদীতে অভিযান, ৪ বোট ও ৭ বালুর স্তূপ জব্দ, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট এবং নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে মজুত রাখা সাতটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। এসময় অভিযানে শ্যামনগর থানার উপ-পরিদর্শক সনজিতসহ উপজেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা চারটি বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চর ও তীরবর্তী স্থানে মজুত করা আবু মুছা, কামরুজ্জামান কোম্পানিসহ সাতটি প্রতিষ্ঠানের বালুর স্তূপ জব্দ করা হয়। এ সময় আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দুই মাসের কারাদণ্ড অথবা অনাদায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ইজারা না থাকলেও একটি মহল খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসী প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান শুরু করে শ্যামনগর উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে নির্দেশে ১২ নভেম্বর দিনভর এ অভিযান পরিচালিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, কয়েক দিন আগে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি কথিত সিন্ডিকেটের সদস্যদের মধ্যে আর্থিক ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বালু ও বোট নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হবে। আপাতত জব্দ করা বালুর স্তূপ ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

পরবর্তী সময়ে এসব সম্পদের মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর