শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। জেলার সীমান্তবর্তী ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালানোর পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। এ ছাড়া জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পঞ্চগড়-১৮ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবির টহল দল নিয়মিত কাজ করছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা বিজিবির টহল দল তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতিতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
এ সময় দুর্গাপূজা ঘিরে অপপ্রচার রোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করে বিজিবি।