জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে নীলফামারীর কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, নজরুল গবেষক, দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হাই শিকদার।
প্রধান আলোচকের বক্তব্যে আবদুল হাই শিকদার নজরুলের জীবন, সাহিত্যকর্ম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার সঙ্গে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শ গভীরভাবে যুক্ত। বাঙালি মুসলমানসহ পূর্ব বাংলার সাধারণ মানুষের নবজাগরণে নজরুলের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান, উপন্যাসসহ বিভিন্ন সাহিত্যকর্মে প্রতিবাদ, মানবতা, সাম্য, স্বাধীনতা ও সামাজিক মুক্তির চেতনা ফুটে উঠেছে। ‘বিদ্রোহী’ কবিতা ও ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে প্রতিবাদ ও স্বাধীনতার চিরন্তন প্রতীক হয়ে আছে।
নজরুলের সর্বজনীনতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নজরুল যেমন শ্যামাসংগীত, ভজন ও কীর্তন রচনা করেছেন, তেমনি হামদ-নাত ও ইসলামী গানও লিখেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মানবতা, নারী মুক্তি ও সামাজিক ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট।
আলোচনায় নজরুলের সাহিত্য ও রাজনৈতিক চেতনার ঐতিহাসিক প্রভাবের পাশাপাশি জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনা গঠনে তাঁর ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রীয় সংহতি ও মানবিক সমাজ গঠনে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নজরুল চর্চা অব্যাহত রাখতে হবে। তাঁর সাহিত্য ও গান থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও বৃহত্তর রংপুরের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম ও জাসাস নেতা সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি তরুণ প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও সমাজচেতনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।