শিরোনাম

মাদকবিরোধী অভিযানের পর ১১ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, ভালুকায় মানববন্ধন

মাদকবিরোধী অভিযানের পর ১১ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলেকে পুলিশে সোপর্দ ও তাদের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাদের দাবি, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হয়রানির উদ্দেশ্যে ১১ জন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রাম ও আশপাশের এলাকায় পারভেজ ও তার মা পারভীন আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের ভাষ্য, একাধিকবার সতর্ক করা হলেও মাদক বিক্রি বন্ধ না করায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর উল্টো মাদকবিরোধী অবস্থান নেওয়া ১১ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বক্তারা আওলাতলীসহ আশপাশের এলাকা মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, পারভীনের মেয়ে ঝুমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের আদালতে স্থানীয় ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলে জানা গেছে।

মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আওলাতলী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর