শিরোনাম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান।

তিনি জানান, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শরবতখালী খাল সংলগ্ন বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে এমন খবর পায় কোস্টগার্ড।

পরে সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় বনের গহীনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট।

তিনি আরো বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড আরও জানায়, ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর