শিরোনাম

সাতক্ষীরায় ডেঙ্গু রুখতে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান, আক্রান্ত ৩০৯

সাতক্ষীরায় ডেঙ্গু রুখতে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান, আক্রান্ত ৩০৯

ডেঙ্গুর বিস্তার রোধ ও শহরকে মশামুক্ত রাখতে সাতক্ষীরায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

উদ্বোধনী আলোচনা সভা শেষে শহরে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে শহরের প্রধান ড্রেন ও নালা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে মোট ৩০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে সাতজনকে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর কর্মভার বাড়ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর